মুন্সীগঞ্জে পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি গ্রেপ্তার


 

মুন্সীগঞ্জে পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের বাগেশ্বর এলাকার একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত দোতলা টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে সাদ্দাম মাঝির দখল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সাদ্দাম মাঝির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments